ঢাকার আশুলিয়ায় পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া হাসিবুল ইসলাম জনি (২১) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর আশুলিয়ার মধুপুর উত্তরপাড়ার একটি পুকুর থেকে জনির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. শহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই ঢাকা জেলা।
তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় পূর্বে গ্রেফতার হওয়া আসামি শাহ জালাল সরকারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ জুন ২০২৬ রাতে আশুলিয়ার মধুপুর এলাকা থেকে মো. সাইফুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পিবিআই জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে জনিকে হত্যার পরিকল্পনা করা হয়। ঘটনার দিন জনি তার কয়েকজন সহযোগীর সঙ্গে মাদক সেবন ও বিক্রয়ের সময় শাহ জালাল সরকার, সাইফুল ইসলামসহ অন্যরা তাকে আটক করে লাঠিসোটা দিয়ে মারধর করে হত্যা করে। পরে হত্যার প্রমাণ গোপনের উদ্দেশ্যে তার লাশ একটি পুকুরে ফেলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত শাহ জালাল সরকার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
