ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৬
আজকের সর্বশেষ সবখবর

দীপু দাসের পরিবারকে আর্থিক ও গৃহনির্মাণ সহায়তা দিচ্ছে সরকার

সত্যের কন্ঠ
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
পঠিত: 88 বার
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে নিহত দীপু চন্দ্র দাসের (দীপু দাস) পরিবারকে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পেজে জানানো হয়, গত বছরের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দীপু দাসকে কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে গণপিটুনির মাধ্যমে হত্যা করা হয়। ঘটনাটি সে সময় গণমাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রকাশিত হয়।

প্রধান উপদেষ্টার পরামর্শে ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার নিহত দীপু দাসের বাড়ি পরিদর্শন করেন। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে গিয়ে তিনি পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সহমর্মিতার কথা জানান।

সরকার জানায়, দীপু দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ কারণে তার পরিবারের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকাঘর নির্মাণসহ আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়িত হবে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে জানানো হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হবে। পাশাপাশি নগদ সহায়তা হিসেবে দীপু দাসের পিতা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া, সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার বলেন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, যার কোনো অজুহাত নেই। এ ঘটনার সমাজে কোনো স্থান নেই। তার পরিবারকে সরকার যে সহায়তা দিচ্ছে, তা একটি জীবনের তুলনায় কিছুই নয়। রাষ্ট্র অবশ্যই সুবিচার নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে একজন মানুষকে হত্যা করা পুরো জাতির জন্য লজ্জার। ন্যায়বিচারই কেবল এই লজ্জা থেকে আমাদের মুক্তি দিতে পারে।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মতপ্রকাশের শান্তিপূর্ণ অধিকারকে সম্মান করি— যতক্ষণ তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতভেদ বা আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না।

সরকার জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এই ঘটনায় দায়ীদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।