ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৬
আজকের সর্বশেষ সবখবর

‘তাদের প্রেসিডেন্ট ট্রাম্প ফলাফল মানেননি, তারা আমাদের গণতন্ত্রের সবক দেয়’

সত্যের কন্ঠ
আগস্ট ১৯, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ
পঠিত: 373 বার
Link Copied!

নির্বাচন নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সামনে নির্বাচন। আমরা নির্বাচনে বিশ্বাসী। জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়েছে। সামনের নির্বাচন নিয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, নির্বাচন বিষয়ে সংবিধানের বাইরে কিছু হবে না। সংবিধানের বাইরে নির্বাচন হবে না।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার দুপুরে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’ আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘আজকের যে অবস্থা নিছক কোনো সাময়িক ঘটনা না। পৃথিবীর ২১টি রাষ্ট্রে এ বছর নির্বাচন হচ্ছে বা হবে। সেখানে কোনো কথা নেই। পাকিস্তানে কোনো কথা নেই, আফগানিস্তানে কোনো কথা নেই। কথা বাংলাদেশের নির্বাচন নিয়ে। কারা আমাদের এত উপদেশ দেন? ওনাদের দেশের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছিলেন আমি যদি নির্বাচনে পরাজিত হই তাহলে ফলাফল মানব না।যে দেশের প্রেসিডেন্ট একথা বলেন, হেরে গেলে ফলাফল মানব না এবং কী কী করেছিল এখন সব প্রকাশ পাচ্ছে। তিনি ফলাফল মানেনওনি। দীর্ঘদিন বহুকিছু করেছেন। তারা আজকে আমাদের গণতন্ত্রের সবক দেয়। আমাদের কী করতে হবে, কী করতে হবে না বলে। জিয়াউর রহমানের ভোটের সময় যা হয়েছিল সেদিন তো মানবতার কথা বলেন নাই। ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তখন তো মানবতার কথা বলেন নাই।’

বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের হস্তান্তর করার জন্য বিদেশি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজ যেসব দেশগুলো মানবাধিকারের কথা বলছে, সেই সব দেশই বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে রেখেছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত কিছু খুনি বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। তাদের কোনো দেশ রাজনৈতিক আশ্রয় দিতে পারে না। যদি দেয়, তাহলে সেই হত্যাকাণ্ডের সপক্ষে আপনাদের অবস্থান পরিষ্কার করে। প্রমাণ করে যে, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে আপনাদের সম্পর্ক। তাদের আশ্রয় দিয়ে আপনারা যদি এদেশে মানবাধিকারের কথা বলেন, তাহলে সেটা কতটুকু যুক্তিযুক্ত হয় সেটা বিশ্ববাসী বোঝে। নিজের দেশের মানবাধিকার নিয়ে চিন্তা করুন। আমাদের প্রধানমন্ত্রী ১০ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। এটা মানবাধিকারের সবচেয়ে বড় উদাহরণ।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।