ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৫
আজকের সর্বশেষ সবখবর

ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

সত্যের কন্ঠ
নভেম্বর ১৭, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ
পঠিত: 184 বার
Link Copied!

যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় তারা প্রফেসর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছেন।

রবিবার (১৭ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।

ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অন্তর্বর্তী সরকার কী ধরনের সহায়তা প্রত্যাশা করে, সে অনুযায়ী যুক্তরাজ্য পরবর্তী পদক্ষেপে বাংলাদেশের জনগণকে সমর্থন দেওয়ার চেষ্টা করবে।

রাজনৈতিক সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন বলে তারা প্রত্যাশা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে আমরা বাংলাদেশের সরকারকে সমর্থন করতে চাই, কারণ দেশটি বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে।

ক্যাথরিন আরও বলেন, এটি বাংলাদেশে তার দ্বিতীয় সফর এবং ১১ বছর পর ইন্দো-প্যাসিফিক মন্ত্রী হিসেবে এখানে আসতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জাতীয় পুনর্মিলনের অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব প্রচেষ্টায় যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে অন্তর্বর্তী সরকারের সংকল্পকে তারা স্বাগত জানায়। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব দৃঢ় এবং এ সম্পর্ক আরও শক্তিশালী করতে চান তারা। দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার উপায় নিয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া, রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্যের পক্ষ থেকে আরও ১০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড দেওয়ার ঘোষণা দেন ক্যাথরিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।