অনলাইন জুয়া প্রতিরোধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে সংঘবদ্ধ একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপি জানায়, টঙ্গী ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৬,৬০০টি মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (বিকাশ/নগদ) অ্যাকাউন্ট-সংবলিত সিম, ৬৭টি অন্যান্য সিম, ৭০টির বেশি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
ডিবির তথ্যমতে, গ্রেফতারকৃতরা চীনা নাগরিকদের নিয়ন্ত্রিত Gopay-এর হয়ে বাংলাদেশে অনলাইন জুয়ার লেনদেন পরিচালনা করত। তারা এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করে পরে ক্রিপ্টোকারেন্সিতে (ইউএসডিটি) রূপান্তর করে বিদেশে পাচার করত। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটির বাংলাদেশ অংশের নেতৃত্বে ছিলেন আরিফুল ইসলাম রিফাত এবং তাদের দৈনিক লেনদেন ৫ কোটি টাকার বেশি ছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
