আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৩ জন, মিরপুর বিভাগ থেকে ৯১ জন, গুলশান বিভাগ থেকে ৩১ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড, একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
