নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রুক রলিন্সকে কৃষিমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন। এর মাধ্যমে মন্ত্রিসভা গঠনের কাজ সম্পন্ন করলেন তিনি। রোববার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ট্রাম্প রলিন্সের নাম কৃষিমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। রলিন্স আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যদিও নতুন প্রশাসনে প্রায় ৪ হাজার নতুন জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে, তবুও ১৫ সদস্যের শীর্ষ মন্ত্রিসভা গঠন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ট্রাম্প বলেন, “আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক মার্কিন কৃষকদের সুরক্ষার নেতৃত্ব দেবেন, যারা সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড।” তিনি রলিন্সকে দেশের একজন দক্ষ ও যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।
৫২ বছর বয়সি রলিন্স আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সিইও, যা ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিবেদিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। ট্রাম্পের পক্ষ থেকে কাজ করার জন্য এটি যেন তার পুরস্কার হিসেবে বিবেচিত।
