ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৯
আজকের সর্বশেষ সবখবর

“ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা; ডিম নিক্ষেপ ও সংঘর্ষের অভিযোগ”

সত্যের কন্ঠ
মে ২২, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
পঠিত: 65 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলে জানা গেছে।

শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বের হলে একটি পক্ষ “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ শেষে বের হওয়ার পরপরই পুলিশের উপস্থিতিতেই তার ওপর হামলা চালানো হয়। তিনি জানান, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং পরে হকিস্টিক দিয়ে আঘাত করা হয়।

তিনি আরও দাবি করেন, ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটে গেছে। এ সময় তার ওপর কিল-ঘুষি চালানো হয় এবং হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর এনসিপি নেতারা থানায় অবস্থান করছেন বলে জানা গেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং থানার সামনে নতুন করে হামলার আশঙ্কাও রয়েছে।

এদিকে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে এ ঘটনাকে “অতর্কিত হামলা” হিসেবে উল্লেখ করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করেন।

ঘটনার পর স্থানীয় এনসিপি নেতারা বিক্ষোভ করে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।