ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২০
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির রাজাপুরে মিলন হাওলাদার হত্যা মামলার দুই আসামি ঢাকায় র‍্যাব-৩-এর অভিযানে গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ২৬, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
পঠিত: 62 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

ঝালকাঠি জেলার রাজাপুর থানার মোঃ মিলন হাওলাদার (২৫)-কে গুরুতর জখম করে হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মোঃ সাইফুল ইসলাম (২৫) ও ৭ নম্বর আসামি মোঃ আলিম (২৩)-কে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-৩। গত ২৫ জুন রাত ১১:১৫টায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে সাইফুল ইসলাম এবং ২৬ জুন রাত ১২:১৫টায় রামপুরা থানাধীন মালিবাগ বাজার রোড এলাকা থেকে আলিমকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত মিলন হাওলাদার পেশায় একজন দিনমজুর ছিলেন। প্রায় আট বছর আগে একই গ্রামের রোজিনা বেগমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দেড় বছর আগে তারা পরিবারকে অমতে বিয়ে করেন। এ বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এরই মধ্যে রোজিনার পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ আরও তীব্র হয় এবং ভিকটিমকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছিল বলে তদন্তে জানা যায়।

গত ৪ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ১:৪০টায় রাজাপুর থানাধীন আদাখোলা এলাকার আলহাজ্ব হাবিবুর রহমান হিজবুল্লাহ জামে মসজিদের সামনে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে মিলন হাওলাদারের ওপর হামলা চালায় আসামিরা। প্রাণ বাঁচাতে তিনি মসজিদে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজাপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় রাজাপুর থানার অধিযাচনের ভিত্তিতে র‍্যাব-৩ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।