মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দেওয়ায় নতুন পদক্ষেপ নিয়েছে নেপাল সরকার। পরিস্থিতি মোকাবেলায় সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জরুরি মন্ত্রিসভা বৈঠকে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি একদিন থেকে বাড়িয়ে দুই দিন—শনিবার ও রোববার—নির্ধারণ করা হয়।
সরকারের মুখপাত্র সাসমিত পোখরেল জানান, জ্বালানি সরবরাহে অস্বস্তিকর পরিস্থিতির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে নেপালে সপ্তাহে একমাত্র ছুটি ছিল শনিবার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন সরকারি অফিস চলবে সোমবার থেকে শুক্রবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সরকার আরও জানায়, জ্বালানি সংকট মোকাবেলায় পেট্রোল ও ডিজেলচালিত যানবাহন ধীরে ধীরে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশ নেপালে নিজস্ব তেল বা জীবাশ্ম জ্বালানির কোনো উৎস নেই। ফলে জ্বালানির জন্য তারা প্রায় পুরোপুরি ভারত-এর ওপর নির্ভরশীল, যার কারণে আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার প্রভাব সরাসরি দেশটিতে পড়ছে।
