রাজধানীর মিরপুর-১ এলাকা থেকে জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামি অহিদুল আলম ভূঁইয়া ওরফে সাজিদ (৫৭)-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি।
সোমবার (৮ জুন) বিকেলে মিরপুর মডেল থানার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের ১০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের হিসাবসংক্রান্ত ২৩টি ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করা হয়।
সিটিটিসি জানায়, অহিদুল আলম ভূঁইয়া দীর্ঘদিন ধরে আর্থিক প্রতারণা ও হজে পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি পুলিশ সদর দপ্তর ও কারা অধিদপ্তরের জেল পলাতক তালিকাভুক্ত আসামি।
এছাড়া নরসিংদীর মনোহরদী থানায় দায়ের করা বিভিন্ন প্রতারণা মামলায় তার বিরুদ্ধে ১০টির বেশি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
