জনগণের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা চলে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, জনগণ তাদের প্রাপ্য সেবা না পেলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
রোববার (১৪ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দীর্ঘ সংগ্রামের পর বিএনপি আজ মানুষের ভালোবাসা ও সমর্থনে ক্ষমতায় এসেছে। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের কর্মচারী হিসেবে যেকোনো সরকারের নীতিমালা বাস্তবায়নে বাধ্য।
তিনি সতর্ক করে বলেন, বিগত সরকার কী করেছে বা কী সুবিধা দিয়েছে—এসব বিবেচনায় বর্তমান সরকারের কাজ বাধাগ্রস্ত করলে জনগণ তা মেনে নেবে না। জনগণ ক্ষুব্ধ হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে এবং নিজেদের দায়িত্বশীলতার জায়গা থেকে কাজ করতে হবে।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, মাদকসেবীদের পেছনে সময় নষ্ট না করে মাদক ব্যবসায়ীদের ধরতে হবে। তিনি বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, সিভিল সার্জনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
