ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২১
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ২৮, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
পঠিত: 50 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামিকে যশোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও র‍্যাব-৬-এর যৌথ আভিযানিক দল।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গত ৭ জুন সকালে ছাতক উপজেলার বনগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভিকটিম আছিয়া বেগম ও তার স্বামী বাড়ি ফেরার পথে নূর মিয়ার বাড়ির দক্ষিণ পাশে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আছিয়া বেগম ও তার স্বামী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় আছিয়া বেগম মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুন রাত আনুমানিক সাড়ে ৯টায় র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের যৌথ আভিযানিক দল যশোর কোতয়ালী মডেল থানাধীন ঝুমঝুমপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হাফিজুর রহমান (৩০)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হাফিজুর রহমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বনগাঁও এলাকার নূর মিয়ার ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।