আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি চাপাতি ও একটি সুইচ-গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য শহিদুল ইসলাম আপন (২৮)-কে গ্রেফতার করে।
অভিযানকালে তার হেফাজত থেকে একটি চাপাতি ও একটি সুইচ-গিয়ার চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আপনের বিরুদ্ধে এর আগে ডিএমপির আদাবর থানায় একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
