আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৮৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ১১:১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ধুপখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ ইব্রাহিম (৩৯)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মূল্যের ৫৮৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ইব্রাহিম দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
