ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯
আজকের সর্বশেষ সবখবর

গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত প্রায় ১০০

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ
পঠিত: 85 বার
Link Copied!

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরেতে ফুটবল ম্যাচ চলাকালীন সমর্থকদের সংঘর্ষে বহু প্রাণহানি ঘটে। একজন চিকিৎসক জানান, **‘প্রায় ১০০ জন মারা গেছেন,’** এবং স্থানীয় হাসপাতাল ও মর্গ লাশে পরিপূর্ণ। তিনি আরও বলেন, **‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল লাশ আর লাশ। অনেক লাশ করিডরের মেঝেতেও পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে।’**

তবে স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় অপর একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে, যদিও তিনি সঠিক সংখ্যা উল্লেখ করতে পারেননি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে স্টেডিয়ামের বাইরে চরম বিশৃঙ্খলার চিত্র দেখা গেছে। অনেক মানুষ পালিয়ে যাচ্ছেন, আবার কেউ মাটিতে পড়ে রয়েছেন। তবে তাঁরা নিহত নাকি আহত, তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষ শুরু হয় রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের পর। এরপর দুই দলের সমর্থকেরা মাঠে ঢুকে পড়ে, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এনজেরেকোরে শহরটি গিনির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এবং রাজধানী কোনাক্রি থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে। শহরটির জনসংখ্যা প্রায় দুই লাখ।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ম্যাচটি গিনির সামরিক শাসক মামাদি দুম্বুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল। উল্লেখ্য, দুম্বুয়া ২০২১ সালের সেপ্টেম্বরের এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।