ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১
আজকের সর্বশেষ সবখবর

“খেলতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল লাশ; কিশোরকে আইনের হেফাজতে নিল পিবিআই”

সত্যের কন্ঠ
মে ২২, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর খুশিয়ারা নদী থেকে ১২ বছর বয়সী শিশু সামিরুন আক্তারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিবিআই এক কিশোরকে আইনের হেফাজতে নিয়ে আদালতে সোপর্দ করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টায় আজমিরীগঞ্জ থানাধীন পূর্বপিটুয়ারকান্দি গ্রামের সামিরুন আক্তার তার বড় বোনের বাড়ি থেকে পুরাতন বাড়িতে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ১ এপ্রিল দুপুরে খুশিয়ারা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন তৃষা আক্তার বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০২৬ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড)। থানা পুলিশ প্রায় এক মাস তদন্ত করেও ঘটনার রহস্য উদঘাটনে ব্যর্থ হলে ২ মে ২০২৬ তারিখে মামলাটি পিবিআই হবিগঞ্জ জেলা অধিগ্রহণ করে। বর্তমানে মামলাটির তদন্ত করছেন পুলিশ পরিদর্শক (নিঃ) মৃনাল দেবনাথ।

পিবিআই সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে গত ২১ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলার শিবপাশা এলাকা থেকে শিরাফ আহমদ @ আবুনী (১৫) নামের এক কিশোরকে আইনের হেফাজতে গ্রহণ করা হয়। একই দিন তাকে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ, শিশু আদালত-০২ এ সোপর্দ করা হয়েছে।

পিবিআই এর তদন্তে জানা গেছে, সামিরুন আক্তার নিখোঁজ হওয়ার পর তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গোপনের উদ্দেশ্যে খুশিয়ারা নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনায় শিরাফ আহমদ @ আবুনীর সম্পৃক্ততা পাওয়া গেলেও এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।