আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
খুলনার লবণচরা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি।
র্যাব জানায়, শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা জেলার লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাদারশি এলাকার বাসিন্দা মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং খুলনা মহানগরের লবণচরা থানাধীন হরিণটানা এলাকার বাসিন্দা মো. ইমরান খান (৩৭)।
র্যাবের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় ইমরান খানের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
