বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী।
আজ সোমবার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে বিএনপি চেয়ারপারসনকে আপিল বিভাগে আবেদন করতে হবে। রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারবেন।’
মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘যেহেতু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আলোকে আবেদনটিতে আগেই খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছিল। এ কারণে অন্য কোনো আদেশ দেওয়ার আর কোনো সুযোগ নেই। এখন তাকে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে। জেলখানায় যাওয়ার পরে তিনি জামিন আবেদন এবং বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন। কারণ, সাজার বিরুদ্ধে তার আপিল পেন্ডিং রয়েছে। এ ছাড়া খালেদা জিয়া তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারেন।’
