ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৭
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার বিদেশযাত্রা: ওমরাহ পালন, উন্নত চিকিৎসা, এবং ভ্রমণ পরিকল্পনা

সত্যের কন্ঠ
নভেম্বর ২৮, ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ণ
পঠিত: 203 বার
Link Copied!

সৌদি আরব সরকার ইতোমধ্যেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিদেশে উন্নত চিকিৎসার আগে তিনি ওমরাহ পালন করবেন। এরপর তার যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যসহ আরও দু-তিনটি দেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ১২ বা ১৩ ডিসেম্বর তিনি যাত্রা শুরু করবেন। সফরে তার সঙ্গে চিকিৎসকসহ ১৭ জন থাকবেন। প্রথমে তিনি সৌদি আরবে ওমরাহ পালন করবেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে যুক্তরাষ্ট্রের ভিসার ফিঙ্গারপ্রিন্ট দিতে খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে যান। দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ মামুন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে বিমানে ভ্রমণের মতো শারীরিক ফিটনেস তার রয়েছে। তবে যেকোনো ঝুঁকি এড়াতে সফরে ছয়জন চিকিৎসক তার সঙ্গে থাকবেন। যুক্তরাজ্যের ভিসা ইতোমধ্যে পাওয়া গেছে, তবে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। দুই বছরের বেশি কারাবাসের পর ২০২০ সালের ২৫ মার্চ সরকার তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর থেকে ৬ মাস পরপর মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল।

গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর বিএনপি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা, ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। বিভিন্ন সময়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা নিতে হয়েছে। গত ২১ আগস্ট দীর্ঘ এক মাস হাসপাতালে চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।