ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

“ক্রুজ জাহাজে হান্টা ভাইরাস প্রাদুর্ভাব, ৮ জনের শরীরে শনাক্ত অ্যান্ডিজ ভাইরাস”

সত্যের কন্ঠ
মে ১৪, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
পঠিত: 54 বার
Link Copied!

 

এমভি হন্ডিয়াস ক্রুজ জাহাজে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্ত আটজনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এটি হান্টা ভাইরাসের একমাত্র ধরন, যা মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে সক্ষম।

বুধবার (১৩ মে) প্রকাশিত ডব্লিউএইচও’র সর্বশেষ হালনাগাদ তথ্যে বলা হয়, পরীক্ষাগারে আটটি ঘটনায় অ্যান্ডিজ ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়া দুটি সম্ভাব্য আক্রান্তের মধ্যে একজনের পরীক্ষার ফল এখনও চূড়ান্ত হয়নি এবং তার আরও পরীক্ষা চলছে।

গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া এমভি হন্ডিয়াস ক্রুজ জাহাজে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, মৃতদের মধ্যে দুইজনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত হয়েছিল। তৃতীয় ব্যক্তিকে সম্ভাব্য আক্রান্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সাধারণত আক্রান্ত ইঁদুরের মল-মূত্র ও লালার মাধ্যমে হান্টা ভাইরাস ছড়ায়। বিরল এই রোগের এখন পর্যন্ত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। বর্তমান প্রাদুর্ভাবের সব আক্রান্তই ওই ক্রুজ জাহাজের যাত্রী ছিলেন।

যার পরীক্ষার ফল এখনও নিশ্চিত হয়নি, তিনি একজন মার্কিন নাগরিক। তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। ডব্লিউএইচও জানায়, এক পরীক্ষায় তার ফল পজিটিভ এবং অন্য পরীক্ষায় নেগেটিভ এসেছে। বর্তমানে তার শরীরে কোনো উপসর্গ নেই।

ডব্লিউএইচও আরও জানিয়েছে, প্রাদুর্ভাবের উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সংস্থাটির ধারণা, মূল সংক্রমণটি ক্রুজযাত্রা শুরুর আগেই ঘটেছিল। কারণ প্রথম আক্রান্ত ৭০ বছর বয়সী এক ডাচ নাগরিকের শরীরে ৬ এপ্রিল উপসর্গ দেখা দেয়, অথচ ভাইরাসটির সুপ্তিকাল এক থেকে ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।