ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

“কোনো অপ্রতিকর ঘটনা ছাড়াই সফলভাবে সম্পন্ন হলো এবারের হজ কার্যক্রম; শুরু হয়েছে ফিরতি ফ্লাইট”

সত্যের কন্ঠ
মে ৩০, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
পঠিত: 56 বার
Link Copied!

 

কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এবারের পবিত্র হজ কার্যক্রম। পুরো হজ ব্যবস্থাপনায় ছিল সমন্বয়, শৃঙ্খলা ও নিবিড় তদারকি, যার ফলে লাখো মুসল্লি নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে সক্ষম হয়েছেন।

তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শুক্রবার (২৯ মে) পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর থেকেই শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম।

শনিবার (৩০ মে) দিবাগত রাত থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে ফিরতি যাত্রা শুরু হয়। প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন বলে জানা গেছে।

এর আগে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রম ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে শেষ হজ ফ্লাইট ২১ মে সৌদি আরবে পৌঁছায়। আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম চলবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, আবাসন, পরিবহন চুক্তি ও ভিসাসহ সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়। ফলে শতভাগ নিবন্ধিত হজযাত্রী নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হন।

হজের আনুষ্ঠানিকতা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, মহান আল্লাহর রহমত ও দয়ার কারণেই এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়, প্রশাসন, চিকিৎসক দল, এয়ারলাইন্স এবং সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও জানান, হজযাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে লাগেজ র‌্যাপিং, বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন সেবা নিশ্চিত করা হয়। আরাফা ও মিনায় বাংলাদেশি হাজিদের জন্য জুস বিতরণের ব্যবস্থাও করা হয়েছিল। ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, এবারের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সফল ও সুশৃঙ্খল। সরকারের বিভিন্ন সংস্থা, হজ এজেন্সি এবং সৌদি কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় কোনো বড় ধরনের সমস্যা ছাড়াই হজ সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।