ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৩
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে প্রস্তাবিত বহুতল বাস টার্মিনাল ও গাবতলীর পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন

সত্যের কন্ঠ
জুলাই ১১, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
পঠিত: 38 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর যানজট নিরসন, গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং পাইকারি বাজার ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করার লক্ষ্যে কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল এবং মিরপুর গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর মৌজায় প্রিয় প্রাঙ্গণ আবাসিক প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), পরিবহন মালিক-শ্রমিক নেতাসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দল প্রস্তাবিত স্থানের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সক্ষমতা এবং আধুনিক বহুতল বাস টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে রাজধানীর যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীসেবার মান বৃদ্ধির লক্ষ্যে ওই স্থানে আধুনিক বহুতল বাস টার্মিনাল নির্মাণের বিষয়ে সবাই একমত পোষণ করেন।

পরে প্রতিনিধি দল মিরপুর গাবতলী দ্বীপনগর এলাকায় ডিএনসিসির প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থানও পরিদর্শন করেন। এ সময় ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার এবং ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কারওয়ান বাজারের বর্তমান পাইকারি কাঁচাবাজার ও আড়ত গাবতলীর প্রস্তাবিত স্থানে স্থানান্তরের বিষয়টি উচ্চপর্যায়ে উপস্থাপন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।