আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ৮ লাখ টাকা মূল্যের ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, আশুলিয়া থেকে গাঁজার একটি বড় চালান গাজীপুরের কাশিমপুরের দিকে আসছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১২:৩৫টায় জিএমপি কাশিমপুর থানাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান ফটকের সামনে চেকপোস্ট পরিচালনা করে একটি প্রাইভেটকার তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে প্রাইভেটকার থেকে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক মো. সাহাবুদ্দিন মিয়া (১৯) এবং রাব্বি খলিফা (২২)-কে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগরের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
