ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০০
আজকের সর্বশেষ সবখবর

কম্বোডিয়ায় পাচার করে নির্যাতন ও মুক্তিপণ আদায়; মানব পাচার চক্রের মূলহোতা গ্রেফতার

সত্যের কন্ঠ
মে ২০, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
পঠিত: 52 বার
Link Copied!

 

বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি যুবককে কম্বোডিয়ায় পাচার, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় মানব পাচার চক্রের মূল আসামিকে গ্রেফতার করেছে পিবিআই কুষ্টিয়া।

গ্রেফতারকৃত আসামি মোঃ ফিরোজ হোসেন (৪৪) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের রাজু আহমেদকে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ফিরোজ হোসেন ও তার সহযোগী সুমন হোসেন ওরফে কামাল কম্বোডিয়ায় পাঠান। এ জন্য তারা প্রথমে ৪ লাখ ৫০ হাজার টাকা নেন।

কম্বোডিয়ায় পৌঁছানোর পর রাজুকে আটক রেখে শারীরিক নির্যাতন করা হয়। তাকে ইলেকট্রিক শক, মারধর ও ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে ৫ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয়। পরে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ডের মাধ্যমে পরিবারের কাছ থেকে মোট ৬ লাখ ৯০ হাজার ৩৩০ টাকা আদায় করা হয়।

গত ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী সেখান থেকে পালিয়ে দেশে ফিরে দৌলতপুর থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্তভার গ্রহণ করে পিবিআই কুষ্টিয়া।

তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ মে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অপর আসামি সুমনের সঙ্গে মিলে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেন।

পিবিআই জানিয়েছে, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।