ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৮
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্ল্ড তায়কোয়ানডো রেফারি কোর্সে অকৃতকার্য চঞ্চল-ইতি-পুলক

সত্যের কন্ঠ
জুন ২০, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ
পঠিত: 190 বার
Link Copied!

মো. নজরুল ইসলাম খান
ক্রীড়া সম্পাদক, ঢাকা প্রেসক্লাব | ঢাকা:

আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পরিবর্তে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ছত্রছায়ায় থাকা একদল বিতর্কিত ও অযোগ্য ব্যক্তির কর্মকাণ্ডে চরম বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ক্রীড়াঙ্গনে। সাম্প্রতিক তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড তায়কোয়ানডো রেফারি কোর্স’-এ অংশগ্রহণকারী বাংলাদেশের তিন প্রতিনিধির কেউই উত্তীর্ণ হতে পারেননি। অথচ তাদের এই চরম ব্যর্থতাকে আড়াল করে ফেডারেশনের যোগসাজশে নাটকীয় সংবর্ধনার আয়োজন ক্রীড়া মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক এই কোর্সে অংশগ্রহণকারী তিন প্রতিনিধি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান চঞ্চল, ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য মরিয়ম বেগম ইতি এবং সোনালী ব্যাংক পিএলসি-এর সিনিয়র অফিসার পুলক দাস। সংশ্লিষ্ট সূত্র জানায়, এদের মধ্যে পুলক দাসের কোনো জেলা বা বিভাগীয় পর্যায়েরও খেলার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে আন্তর্জাতিক কোর্সে পাঠানো হয়েছে। সবচেয়ে বিস্ময়কর ও হাস্যরসাত্মক ঘটনাটি ঘটেছে মোঃ কামরুজ্জামান চঞ্চলের দেশে ফেরার পর। যে কোর্সে তিনি চূড়ান্তভাবে অকৃতকার্য হয়েছেন, সেই কোর্সটি ‘সফলভাবে সম্পন্ন’ করার দাবি তুলে তাকে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। রাজশাহী তায়কোয়ানডো অ্যাসোসিয়েশন ও রাজশাহী এক্স মার্শাল আর্ট পরিবারের পক্ষ থেকে সেখানে একটি ব্যানার প্রদর্শন করা হয়, যাতে লেখা ছিল—‘বিশ্ব তায়কোয়ানডো অঙ্গনে বাংলাদেশের গর্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের উপপরিচালক মাস্টার কামরুজ্জামান চঞ্চল, তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ১৪০তম ওয়ার্ল্ড তায়কোয়ানডো আন্তর্জাতিক কিওরোগী রেফারি সেমিনার ২০২৬ সফলভাবে সম্পন্ন করায়… প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।’

একজন প্রশিক্ষক যখন আন্তর্জাতিক মানের একটি কোর্সে ব্যর্থ হয়ে ফেরেন, তখন তাকে এমন বিশাল সংবর্ধনা দেওয়া এবং ব্যর্থতাকে ‘সফলতা’ হিসেবে প্রচার করা ক্রীড়াঙ্গনের পেশাদারিত্বকে চরমভাবে উপহাস করার শামিল। নিজের ‘যোগ্যতা’ নিয়ে এই কৃত্রিম প্রচারণার বিপরীতে তিনি শুধুমাত্র একটি ‘পার্টিসিপেশন সার্টিফিকেট’ নিয়ে ফিরেছেন, যা দেশের তায়কোয়ানডো প্রশিক্ষণের মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। শুধু ব্যর্থতাই নয়, মোঃ কামরুজ্জামান চঞ্চলের বিরুদ্ধে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যাচেষ্টার গুরুতর অভিযোগ। গত ২ মার্চ ২০২৫ তারিখে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় দায়েরকৃত মামলার ৪২ নম্বর আসামি হওয়া সত্ত্বেও ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) এরশাদুল হক এবং সভাপতি হাসানুজ্জামান বাবলুর প্রশ্রয়ে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। অভিযোগ রয়েছে, অপরাধী জেনেও তাকে তুরস্ক পাঠানোর ব্যবস্থা করেছে ফেডারেশনের এই প্রভাবশালী বলয়। অন্যদিকে ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য মরিয়ম বেগম ইতির বিরুদ্ধে উঠেছে ভয়াবহ মানবপাচারের অভিযোগ। বিকেএসপির কোচ রাশেদুল হাসানের সাথে মিলে তিনি খেলার আড়ালে বিদেশে মানবপাচার চক্র গড়ে তুলেছেন বলে জানা গেছে। গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত সামিটের নামে দুই নারীকে পাচারের ঘটনায় কোরিয়ান দূতাবাস ‘বাংলাদেশ তায়কোয়ানডো ইউনিয়ন’-কে ব্ল্যাকলিস্ট করেছে। এছাড়া রাজধানীর ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণের নামে জিম্মি বাণিজ্য, ক্রীড়া সরঞ্জাম বিক্রিতে সিন্ডিকেট এবং অভিজ্ঞ কোচদের সরিয়ে নিজস্ব অনুগতদের বসানোর মাধ্যমে ইতি রীতিমতো ‘রাজত্ব’ কায়েম করেছেন। তিনি বিভিন্ন মহলে প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে পার পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

একজন হত্যাচেষ্টা মামলার আসামি এবং অন্যজন মানবপাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে জাতীয় ফেডারেশনের এই নগ্ন তৎপরতা দেশের ক্রীড়াক্ষেত্রের স্বচ্ছতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। জাতীয় দলের একাধিক খেলোয়াড় ফ্যাসিবাদপন্থী ও বিতর্কিত এই কর্মকর্তাদের অধীনে প্রশিক্ষণ নিতে অস্বীকৃতি জানিয়ে ক্যাম্প থেকে পদত্যাগও করেছিলেন।ক্রীড়াসংশ্লিষ্ট সচেতন মহল মনে করছেন, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এখন ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অবিলম্বে এই সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণ না করলে দেশের তায়কোয়ানডো ক্রীড়া ধ্বংসের মুখে পড়বে। জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।