ভারতের মথুরার বাঁকে বিহারী মন্দিরে ভক্তরা চরণামৃত ভেবে মন্দিরের দেয়ালে লাগানো হাতির মূর্তির গা বেয়ে গড়ানো এসির পানি পান করার জন্য হুড়োহুড়ি করছেন। এ ঘটনা মঙ্গলবার (৫ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিও থেকে। ভিডিওতে দেখা যায়, মন্দিরের দেয়ালে লাগানো হাতির মূর্তির গা বেয়ে গড়ানো পানি সংগ্রহ করতে ভক্তদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। কেউ কেউ হাতে পানি সংগ্রহ করছেন, আবার কেউ কাপেও ভরছেন।
ভিডিওতে শোনা যায়, যারা ওই পানি পান করছেন তাদের উদ্দেশ্যে কেউ একজন বলছেন, ‘ওই পানি খাবেন না। এটা চরণামৃত নয়। মন্দিরের পুরোহিতরা নিশ্চিত করেছেন, এটা এসির পানি।’
কেউ মন্তব্য করেছেন, ‘এদের শিক্ষা দেয়া জরুরি। চরণামৃত ভেবে এসির পানি কিভাবে পান করতে পারে!’ অন্য একজন লিখেছেন, ‘অন্যেরা করছে বলে নিজেরাও করতে হবে—এমন কুসংস্কার এতটাই প্রবল যে, একবারও নিজের বুদ্ধি ব্যবহার করে না। ভারতীয়রা কি এতটাই অশিক্ষিত!’
