আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বাভাবিক ও নিরাপদ রাখতে বিশেষ নিরাপত্তা ও টহল কার্যক্রম গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ জানায়, ঈদকে সামনে রেখে রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোবাস্ট পেট্রোল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট স্থাপন এবং কন্ট্রোল রুম চালুর মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ঈদের সময় চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও প্রতারক চক্র সক্রিয় হতে পারে—এমন আশঙ্কায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জাল টাকা শনাক্ত, ট্রাফিক নিয়ন্ত্রণ ও সাইবার নজরদারি কার্যক্রমও চলমান রয়েছে।
সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বুড়িগঙ্গা নদী এলাকায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সদস্যরা মোতায়েন রয়েছে। সদরঘাট, সায়দাবাদ ও গোয়ালন্দ ফেরিঘাটে পৃথক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

র্যাব-১০ আরও জানায়, বাস, লঞ্চ ও ট্রেনে অতিরিক্ত যাত্রী পরিবহন, ছাদে বা ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। পশুর হাট ও ভ্রমণপথে অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শও দেওয়া হয়েছে।
এছাড়া পশুর হাটে জোরপূর্বক পশু স্থানান্তর, চাঁদাবাজি, জাল টাকা লেনদেন ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে র্যাব-১০ জানিয়েছে। হাটে সাদা পোশাকে নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং জাল টাকা শনাক্তকরণ মেশিন ব্যবহার করা হচ্ছে।
র্যাব-১০ আরও জানায়, অনলাইনে পশু ক্রয়ের ক্ষেত্রে ভেরিফায়েড প্ল্যাটফর্ম ব্যবহার এবং নিরাপদ লেনদেনের বিষয়ে সচেতন থাকতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে। যেকোনো সন্দেহজনক ঘটনায় নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
সর্বোপরি, ঈদকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১০ এর রোবাস্ট পেট্রোল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
