ইরান ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তবে একই সঙ্গে যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি ইসরাইলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা আক্রমণের আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে, তবে সংঘাত এড়ানোর চেষ্টাও করছে। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে চারজন ইরানি কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়েছে। তারা জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সশস্ত্র বাহিনীকে ইসরাইলি হামলার জবাব দিতে ‘একাধিক পরিকল্পনা’ করতে বলেছেন।
সতর্ক করা হয়েছে, ইসরাইলের হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হলে ইরান পাল্টা আক্রমণ চালাবে। তবে ইসরাইল সীমিত সামরিক স্থাপনা বা অস্ত্রের ডিপো লক্ষ্য করলে প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে।
তেহরানের কর্মকর্তারা, যাদের মধ্যে দুজন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সদস্য, বলেছেন যে, ইসরাইল যদি ইরানের তেল, পারমাণবিক স্থাপনা বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালায়, তাহলে ইরান ১,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিক্রিয়া জানাবে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইল গত তিন সপ্তাহ ধরে পাল্টা আক্রমণের পরিকল্পনা করেছে, তবে আপাতত সেটি স্থগিত রাখা হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে সংবেদনশীল সামরিক তথ্য ফাঁসের পর ইসরাইল তার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল, নিউইয়র্ক টাইমস
