পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা এবং কারাবন্দি নেতা ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও দলটির অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে আটটি মামলা দায়ের করা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, রাজধানী ইসলামাবাদের শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নূন, নিলোর, তার্নল ও বানিগালা থানায় এসব মামলা দায়ের করেছে ইসলামাবাদ পুলিশ।
২৪ নভেম্বর, সংবিধানের ২৬তম সংশোধনী বাতিল, সরকারের পদত্যাগ ও ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই নেতাকর্মীরা ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করেন। ২৭ নভেম্বর তারা ডি-চক এলাকায় পৌঁছে বিক্ষোভ শুরু করলে পুলিশ ও সীমান্তরক্ষী রেঞ্জার্সের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে পুলিশ, রেঞ্জার্স ও পিটিআই কর্মীদের মধ্যে মোট ৬ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার পূর্বেই সেনা মোতায়েন করেছিল এবং যে কোনো কর্মীকে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল। তবে সেনাবাহিনী গুলি চালিয়েছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিক্ষোভ চলাকালীন পিটিআই নেতাদের ব্যাপক ধরপাকড়ের শিকার হতে হয়। রেড জোন এবং ডি-চক এলাকায় পুলিশের অভিযান শুরু হলে দলের শীর্ষ দুই নেতা, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি, ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রাতেই পিটিআই বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আন্দোলনের রাজনীতি থেকে দেশকে মুক্ত করে স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এসব মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় পুলিশ।
বর্তমানে ইমরান খান সন্ত্রাস, বিশৃঙ্খলা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দি আছেন। তার স্ত্রী বুশরা বিবি সম্প্রতি তোশাখানা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
