বিএনপির আন্দোলনে বাধা দেয়া হচ্ছে না। তবে আন্দোলনের নামে আবারও মানুষের ক্ষতির চেষ্টা করলে ধরে ধরে সকলের শাস্তি নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বিএনপি ভোট পায়নি বলে দেশের মানুষকে নির্বাচনের আগে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। দলটি সন্ত্রাস ছাড়া আর কিছু বুঝে না।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে আখাউড়া-লাকসাম ডাবল লাইন নির্মাণ প্রকল্পের ৭২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।
এ সময় তিনি ৭২ কি. মি. এর ডাবল এই রেললাইন উদ্বোধন করেন। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ৩২১ কি. মি. রেলপথের মধ্যে আখাউড়া থেকে লাকসামের ৭২ কি. মি. ডাবল লাইনের রেলপথ ছিল না। ডুয়েলগেজের ডাবল লাইনের এই প্রকল্প শেষ হওয়াতে ঢাকা থেকে চট্টগ্রাম অবধি পুরো রেলপথটি ডাবল লাইন হয়ে গেলো।
দেশের প্রধান রেলপথ ঢাকা-চট্টগ্রাম রুটে দিনে ২৩টি ট্রেন চলাচল করে। ডাবল লাইনে উন্নীত হওয়ায় ৭২টি ট্রেন চলতে পারবে।
আখাউড়া-লাকসাম রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার প্রকল্পটি ২০১৪ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দেয়। এরপর ঠিকাদার নিয়োগ হয় ২০১৬ সালের ১৫ জুনে। তারপর প্রকল্পের মূল কাজ শুরু হয় ২০১৬ সালের নভেম্বরে এবং তা ২০২০ সালের জুনে শেষ করার কথা ছিল।
