ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৭
আজকের সর্বশেষ সবখবর

আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে সরকারকে নোটিশ

সত্যের কন্ঠ
নভেম্বর ৬, ২০২৪ ২:১০ অপরাহ্ণ
পঠিত: 166 বার
Link Copied!

ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানির সঙ্গে হওয়া সব চুক্তি বাতিলের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে ব্যারিস্টার এম কাইয়ুম এই লিগ্যাল নোটিশটি রেজিস্ট্রার ডাকযোগে পাঠান।

নোটিশে অনিয়মিত একতরফা চুক্তি পুনর্বিবেচনা বা বাতিলের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে পিডিবির চেয়ারম্যান এবং জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিনদিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।

এই সময়ের মধ্যে চুক্তি পুনর্বিবেচনার পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন এম কাইয়ুম।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে যে, জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের নিয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এদিকে, আগামী ৭ নভেম্বরের মধ্যে ৮৪ কোটি ডলারের পাওনা থেকে ২০-২৫ কোটি ডলার পরিশোধ না করলে আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আল্টিমেটাম দিয়েছে।

রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, বাংলাদেশ গত মাসে ৯ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করেছে এবং চলতি মাসে আরও ১৭ কোটি ডলার পরিশোধের জন্য একটি ঋণপত্র (এলসি) খোলা হয়েছে।

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তিতে জটিলতা সৃষ্টি হয়েছে। জুলাই থেকে আদানি বাড়তি দামে বিদ্যুৎ বিল করছে, যা পরিশোধে চাপও দিচ্ছে। ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে অর্ধেকে নামিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আদানি একতরফা চুক্তির সুযোগ নিচ্ছে।

ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানির বিদ্যুৎকেন্দ্রটি নিয়ে বিতর্ক শুরু হয় কয়লার বাড়তি দাম নিয়ে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) উচ্চ মূল্যে কয়লা কিনতে অস্বীকৃতি জানায়, তবে আদানি দাম কমাতে রাজি হয়। পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের তুলনায় কম দামে কয়লা সরবরাহের প্রতিশ্রুতি দিলেও, বর্তমানে আবার ২২ শতাংশ বাড়তি দাম দাবি করছে।

বাড়তি দাম নিয়ে বিরোধ ও বকেয়া আদায়ের মধ্যে ২৮ অক্টোবর আদানি পিডিবিকে একটি চিঠি দেয়। চিঠিতে বলা হয়, ৩০ অক্টোবরের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে ৩১ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে, কারণ আদানি চলতি মূলধনের সংকটে রয়েছে।

পিডিবির বক্তব্য অনুযায়ী, ৩০ অক্টোবরের মধ্যে আদানির নামে ঋণপত্র খোলার কথা ছিল, যা কৃষি ব্যাংকের মাধ্যমে করা হবে, তবে তা হয়নি এবং আরও সময় চাওয়া হয়েছে। এর মধ্যে, ৩১ অক্টোবর একটি ইউনিট বন্ধ করে আদানি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বকেয়া নিষ্পত্তি না হলে ৭ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে আদানি পাওয়ার।

উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় ২০১৭ সালে আদানির সঙ্গে ২৫ বছরের মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।