ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৩
আজকের সর্বশেষ সবখবর

আগামী নির্বাচন বিশ্বের মানুষের নিকট অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে : কৃষিমন্ত্রী

সত্যের কন্ঠ
অক্টোবর ৭, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ
পঠিত: 78 বার
Link Copied!

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও সুন্দর হবে এবং তা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে।

তিনি বলেন, ‘নির্বাচন বানচালের জন্য বিএনপি বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি পালন করছে ও নানা রকম হুমকি দিচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো আবারও সহিংসতা, আগুন সন্ত্রাস ও তান্ডব সৃষ্টি করতে চাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তাদের এই অপচেষ্টাকে মোকাবেলা করবে। একইসঙ্গে, আওয়ামী লীগও রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করার সর্বাত্মক চেষ্টা করবে।’

ড. রাজ্জাক আজ শনিবার টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত দোখলা রেঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন এবং বন উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। টাঙ্গাইল বনবিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘নির্বাচন বানচাল করার জন্য কোন বিদেশি শক্তি বা দেশ যদি চেষ্টা করে- তবে তা মোকাবেলা করার মতো অর্থনৈতিক সক্ষমতাসহ সব শক্তি বাংলাদেশের রয়েছে। দেশের জনগণ আমাদের সাথে রয়েছে। জনগণকে নিয়েই দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব।’

তিনি ভিসানীতি প্রসঙ্গে বলেন, বাংলাদেশ হচ্ছে ১৭ কোটি মানুষের দেশ। আমেরিকায় কয়জন মানুষ যায়? তারা নিষেধাজ্ঞা দিয়ে কী করবে? গুলশান বনানীর বড় লোকের ছেলেমেয়েরা আমেরিকায় যায়। তারা না যেতে পারলে বাংলাদেশের কোন ক্ষতি হবে না। দু-একজন মন্ত্রী না যেতে পারলেও দেশের কোন ক্ষতি হবে না।

মন্ত্রী আরো বলেন, ‘আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত। ভিসা নিয়ে আমরা আমেরিকা যেতে পারব না- এটি কোন বিষয় না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।