ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪
আজকের সর্বশেষ সবখবর

“অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ ও তার ৩ সহযোগী গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ১৯, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র ও মাদকের গডফাদার হিসেবে পরিচিত ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল (৩১) সহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো— ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল (৩১), মোঃ বাপ্পী (২৮), মোঃ হানিফ (৪০) এবং মোছাঃ শামসুন্নাহার (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মার্চ মাদক উদ্ধার ও অপরাধী গ্রেফতারের জন্য পরিচালিত এক বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শককে গুলি করে আহত করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে জড়িত তিনজনকে গ্রেফতার করা হলে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে তারা জানায়, হামলায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিল শীর্ষ সন্ত্রাসী অটো সজল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে অটো সজলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সজলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় পূর্বের ১১টি মামলা রয়েছে বলে জানা যায়।

পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে সজল স্বীকার করে যে, গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক মজুত রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে তার আরও তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।

অভিযানে ওই বাসা থেকে ২টি ‘TAURUS’ ব্র্যান্ডের পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা নগদ অর্থ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।