উম্মে সালমা করিম,স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন”।
মঙ্গলবার (২৬ মে) সংগঠনটির উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ কর্মসূচির মাধ্যমে শতাধিক নিম্নআয়ের পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ঈদের আনন্দ সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি ও দুধসহ প্রয়োজনীয় নিত্যপণ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাপস কর্মকার, সিনিয়র সহকারী ও মিডিয়া অফিসার, র্যাব-১০। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবর বাইনা।
সংগঠনের সভাপতি কোহিনুর আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও “প্রদীপ্ত বাংলাদেশ” এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, মানবসেবা কেবল দায়িত্ব নয়, এটি একটি নৈতিক ও মানবিক কর্তব্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত সফলতা অর্জিত হয়।
দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আজিজ পাটোয়ারী বলেন, সমাজের সক্ষম মানুষদের উচিত অসহায়দের সহায়তায় এগিয়ে আসা। এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
একুশের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন বলেন, তরুণদের অংশগ্রহণে এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে। নিয়মিতভাবে এমন উদ্যোগ পরিচালনা করা সময়ের দাবি।
সত্যের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ মাসুম পারভেজ বলেন, ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সভাপতি কোহিনুর আক্তার বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্যই হলো সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা এবং তাদের জীবনে কিছুটা স্বস্তি এনে দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।
এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ আবির, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেদোয়ান আহমেদ হোসেন, সিনিয়র সাংবাদিক বিএম শরীফ হোসেন এবং রিপোর্টার মোঃ সালমান প্রমুখ।
