বাংলাদেশ এবং যুক্তরাজ্য অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একটি নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করার বিষয়ে বিবেচনা করতে সম্মত হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৬.৪ বিলিয়ন ডলার।
দুই দেশ ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের জন্য নতুন প্রাতিষ্ঠানিক সহযোগিতার ব্যাপারে সম্মত হয়েছে। বাংলাদেশ যুক্তরাজ্য থেকে ৫৬১ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) পেয়েছে, যা ২০২২ সালে কোনো দেশ থেকে পাওয়া সর্বোচ্চ এফডিআই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় অত্যন্ত উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে ঢাকায় অনুষ্ঠিত ৫ম বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত সংলাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সংলাপের নেতৃত্বে ছিলেন যথাক্রমে বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের এফসিডিও’র স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। তারা রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা এবং প্রতিরক্ষা, অভিবাসন, জলবায়ু, উন্নয়ন অংশীদারিত্ব ও গতিশীলতাসহ দুই কমনওয়েলথ দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা করেন। যুক্তরাজ্যের পক্ষ থেকে গত এক দশকে বাংলাদেশের অর্জিত উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করা হয়েছে।
