আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. রমজান (২৪)।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁও থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন ভোর আনুমানিক ৪টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই রাত আনুমানিক ১০টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে ওয়ারী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ ও ডিএমপির লালবাগ এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তীতে শনিবার (১১ জুলাই) দিবাগত রাত, অর্থাৎ রোববার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত আরও এক সদস্য মো. রমজানকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রমজান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে অটোরিকশা চালকদের অজ্ঞান করে অটোরিকশা ও মালামাল ছিনতাই করত।
গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
