ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৪
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, সবুজ ও আধুনিক নগর গঠনে গুরুত্বারোপ

সত্যের কন্ঠ
জুন ২৯, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

মোসাদ্দেক বিল্লাহ আবির:

রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিলের পরিবেশগত সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় তিনি হাতিরঝিলের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান লেকের বিভিন্ন অংশ, হাঁটার পথ, উন্মুক্ত স্থান ও আশপাশের পরিবেশ ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং নিয়মিত তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, হাতিরঝিল রাজধানীর শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, এটি ঢাকার নান্দনিকতা, পরিবেশগত ভারসাম্য ও আধুনিক নগর পরিকল্পনার গুরুত্বপূর্ণ প্রতীক। তাই এর সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থার পাশাপাশি নগরবাসীরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

রাজউক চেয়ারম্যান আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিক সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ। সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে হাতিরঝিলকে আরও সবুজ, নির্মল, নিরাপদ ও দৃষ্টিনন্দন নগর অবকাশকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং হাতিরঝিলের নান্দনিক পরিবেশ দীর্ঘমেয়াদে অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার নির্দেশনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।