আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
র্যাব-৯ জানায়, শনিবার (১৮ জুলাই) ভোররাত ৩টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল শায়েস্তাগঞ্জ পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা ট্রাকে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে ট্রাকের টুলবক্স থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয় এবং ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার মো. আকাশ আহম্মদ (২০) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও এলাকার মো. সুরুজ মিয়া (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
