দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও গণভোটের বিধানসহ সংবিধানের ৬২টি জায়গায় সংশোধনীর প্রস্তাব দিয়েছে বিএনপি।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সংবিধান সংস্কারের উদ্দেশ্যে গঠিত কমিশনের কাছে তাদের প্রস্তাবনা জমা দেয় দলটি।
সংবিধান সংস্কারে দলের প্রস্তাবনাগুলো উপস্থাপন করতে এদিন সংসদ ভবনে যান বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে তারা প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিএনপির প্রস্তাবে ক্ষমতার ভারসাম্য রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে এবং নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, “আমরা প্রস্তাবনায় দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তনের ওপর জোর দিয়েছি। জনগণের আকাঙ্ক্ষা ও স্বাধীনতার চেতনাকে সম্মান জানিয়ে ভবিষ্যতে যাতে কোনো একনায়কতন্ত্র সৃষ্টি না হয়, সেজন্য এসব প্রস্তাবনা দেওয়া হয়েছে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “আইন বিভাগ ও বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা ভারসাম্য রক্ষার জন্য প্রস্তাবনা দিয়েছি।”
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও গণভোটের বিধানের পাশাপাশি বিএনপির উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে:
- পরপর দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী হতে না পারেন।
- ক্ষমতার বিকেন্দ্রীকরণের স্বার্থে উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির পদ অন্তর্ভুক্ত করা।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজ বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানান, আগামী সপ্তাহে সারাদেশে জরিপ চালানো হবে। এতে গ্রামের মানুষ থেকে শহরের তরুণ-বৃদ্ধ সবাইকে অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন এর আগে রাজনৈতিক দলগুলোকে লিখিত প্রস্তাব জমা দিতে আহ্বান জানায়। এর অংশ হিসেবেই বিএনপি মঙ্গলবার তাদের প্রস্তাব জমা দেয়।
এর পাশাপাশি কমিশন ইতোমধ্যে বিশিষ্ট নাগরিক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।
