আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
সিলেটের শাহপরাণ এলাকায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১১টি গাড়ির মালিককে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আভিযানিক দল।
র্যাব-৯ সূত্রে জানা যায়, সোমবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বিভিন্ন গাড়ির কাগজপত্রে অনিয়ম পাওয়ায় ১১ জনকে জরিমানা করা হয়।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
র্যাব-৯ জানায়, জনস্বার্থে শব্দদূষণ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
