আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আলোচিত লোকমান হোসেন হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. দীপ্ত (২২)কে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, নিহত লোকমান হোসেনের পরিবারের সঙ্গে ৫ হাজার টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। সময়মতো টাকা পরিশোধ না করায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের জগন্নাথবাড়ী এলাকায় রওশনারা, মীম ও লোকমান হোসেনের ওপর হামলা চালায় আসামিরা। এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হন লোকমান হোসেন। পরে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে র্যাব জানতে পারে যে, পলাতক আসামি দীপ্ত ঢাকার আশুলিয়া এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় ১১ জুন ২০২৬ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে র্যাব-১৪ এবং র্যাব-৪ এর যৌথ অভিযানে আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
