আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
কক্সবাজার জেলার রামু থানাধীন কাওয়ারখোপ ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি ধারালো দা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, রামু থানাধীন কাওয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উখিয়াঘোনা এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৫ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উক্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি বসতবাড়ির সঙ্গে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৩.৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক এবং ৩৪ ইঞ্চি দৈর্ঘ্যের কাঠের হাতলযুক্ত একটি ধারালো দা (ম্যাচেট) উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অভিযান চলাকালে তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
