আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর মেরুল বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত এলাকায় মাদকবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করেছে র্যাব-১। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব-১ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত র্যাব-১-এর সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩ এবং সদর কোম্পানির সমন্বয়ে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর মেরুল বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত এলাকা থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। পরে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী গ্রেফতারকৃতদের অপরাধের ধরন বিবেচনায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
