ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৮
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, চোরাই স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা উদ্ধার

সত্যের কন্ঠ
জুন ৮, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
পঠিত: 35 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর সূত্রাপুর ও যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি সংঘবদ্ধ চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরিকৃত স্বর্ণালঙ্কার, টেলিভিশন, স্মার্টফোন এবং নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— রাজু আহমেদ শিপলু (৩৭), ইরফান অমি (৩৮) এবং মো. আলমগীর (৫০)।

সূত্রাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে সূত্রাপুর থানাধীন উল্টিংগঞ্জ লেনের একটি বাসার জনৈক ভাড়াটিয়া পরিবার বাসায় তালা দিয়ে ঢাকার বাইরে বেড়াতে যান। গত বুধবার (০৩ জুন) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ওই ভাড়াটিয়ার বাবা বাসায় গিয়ে দেখতে পান দরজার তালা ভাঙা এবং বাইরে থেকে ছিটকিনি আটকানো। চুরির খবর পেয়ে ভাড়াটিয়া দ্রুত বাসায় ফিরে দেখেন ঘরের ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোর চক্রটি ওই বাসা থেকে স্বর্ণালঙ্কার, টেলিভিশন ও নগদ অর্থসহ প্রায় ১৬ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় সূত্রাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থল এবং এর আশপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে। পরবর্তীতে আধুনিক তথ্য-প্রযুক্তি ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোর চক্রটিকে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (০৮ জুন ২০২৬ খ্রি.) রাজধানীর সূত্রাপুর ও যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারের পর তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্য মোতাবেক, চক্রের মূল হোতা রাজু আহমেদ শিপলুর যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে চুরিকৃত এক জোড়া স্বর্ণের ঝুমকা, একটি টেলিভিশন, একটি স্মার্টফোন এবং নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।