আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জে এক বুদ্ধি-প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত এক আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামি মো. লিমন মিয়া (১৯) মামলার ২ নম্বর আসামি।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৮ মে ২০২৬ সকালে ভুক্তভোগী কিশোরী তার বোনের বাড়ি থেকে বাইরে বের হলে লিমন মিয়াসহ কয়েকজন তাকে মোবাইল দেখানোর কথা বলে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে বদরগঞ্জ থানাধীন পাকার মাথা বাজারসংলগ্ন একটি ইটভাটার কাছে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এতে কিশোরী গুরুতর আহত হন।
ঘটনার পর আসামিরা ভুক্তভোগীকে চেংমারী বাজারে রেখে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলে তিনি ঘটনার বিস্তারিত জানান। এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে গত ৩১ মে বদরগঞ্জ থানায় অপহরণ ও গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।
মামলার গুরুত্ব বিবেচনায় র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে র্যাব-১৩, রংপুর এবং র্যাব-১১, কুমিল্লার যৌথ আভিযানিক দল কুমিল্লার বুড়িচং থানাধীন ময়নামতি সাহেবের বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. লিমন মিয়াকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
