আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
যশোর ও ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে নড়াইলের চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন (৩২) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃতরা হলেন মামলার ১ নম্বর আসামি প্রসেনজিৎ (২৫) এবং ৩ নম্বর আসামি অপূর্ব।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬:৩৫টায় র্যাব-৬-এর যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন মিশ্রী দেয়াড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ নম্বর আসামি অপূর্বকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ১০:০০টায় র্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের আরেকটি দল ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন জয়পাশা এলাকায় অভিযান পরিচালনা করে ১ নম্বর আসামি প্রসেনজিৎকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আনোয়ার হোসেন একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন।

গত ২৫ জুন রাত আনুমানিক ৩:০০টায় আসামিরা তাকে চোরের অপবাদ দিয়ে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই গোলাম নবীর হোসেন বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় র্যাব-৬ পৃথক অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
