আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর মিরপুর এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ১০টা ২৬ মিনিটে মিরপুর-১১ এলাকার বনলতা সুইটসের সামনে এক ব্যক্তি একজন পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতার সহায়তায় দায়িত্বে থাকা পল্লবী ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. রিমন (৩২)। ঘটনাস্থল থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং পরে তা ভুক্তভোগীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিমনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
