আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪।
গ্রেফতারকৃতরা হলেন— মো. মাছুম শেখ (২৯), মো. লিটন মিয়া (২৬) ও মো. মমিন মিয়া (২৩)। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলায়।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার দিঘারকান্দা এলাকায় ঢাকাগামী মহাসড়কে ‘সালমান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের ব্যাগের বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বিদেশি মদ দেশে এনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
