ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৫
আজকের সর্বশেষ সবখবর

ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন : মোমেন

সত্যের কন্ঠ
আগস্ট ২০, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ
পঠিত: 139 বার
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে  যোগদানের পাশাপাশি একাধিক সদস্য দেশের সরকার প্রধান অথবা রাষ্ট্র প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন একথা জানান।

তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘এই (দ্বিপাক্ষিক বৈঠক) বিষয়টি এখন শেষ পর্যায়ে রয়েছে, অবশ্য এ ধরণের বৈঠকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসে শেষ মূহূর্তে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রনে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আগামী ২২ আগস্ট যোহানেসবার্গের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রায় ২২টি দেশ ব্রিকস-এর সদস্য হতে আগ্রহ দেখিয়েছে এবং ৫টি আদি সদস্য দেশ নতুন সদস্য নেওয়ার ব্যাপারে নিজেদের মধ্যে মতৈক্য পৌঁছানোর প্রচেষ্ট চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক ভারতের গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঐ বিষয়ে তাদের কোন ‘মন্তব্য নেই’।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে পরিপক্ক গণতন্ত্র রয়েছে, সেই সঙ্গে রয়েছে একটি পরিপক্ক সরকার ব্যবস্থা। তারা আঞ্চলিক স্বার্থে কিছু বলতেই পারে।

বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট জি জিনপিং এ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফর করবেন।
প্রধানমন্ত্রীর এই সফর প্রসঙ্গে মোমেন বলেন, দক্ষিণ আফ্রিকা সফরকালে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট  ডেভেলপমেন্ট অথোরিটি (বিআইডিএ) এর যৌথ আয়োজনে ‘বাংলাদেশ ট্রেড এন্ড বিজনেস সামিট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

অতপর প্রধানমন্ত্রী আফ্রিকার দেশসমূহে থাকা বাংলাদেশী রাষ্ট্রদূতদের আয়োজনে ‘রিজিওনাল এনভয়েস কনফারেন্স’ অনুষ্ঠানে অংশ নেবেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।